সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু ১৫ মার্চ থেকে: শিক্ষামন্ত্রী

চলতি মার্চ মাসের ১৫ তারিখ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী  দীপু মনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান (ক্লাস) শুরু হবে ১৫ মার্চ থেকে। আজ শনিবার রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে লীলা নাগ ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ  কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেয়া হবে। তিনি আরও বলেন, মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে। এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম চালু হলে পরীক্ষার সংখ্যা কমবে। শিক্ষার্থীদের পরীক্ষার ভীতি দূর হবে। পরীক্ষানির্ভর মূল্যায়ন থেকে বের হয়ে আসা যাবে। প্রতিদিনের লেখাপড়া মূল্যায়ন প্রতিদিনই হবে। বছর শেষে সীমিত আকারে পরীক্ষা হবে, তবে সারা বছরের মূল্যায়ন সমন্বয় করে চূড়ান্ত মূল্যায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *