counter

১% প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য বিশেষ সিঁড়ি হলে, ৯৭% শিক্ষার্থীর জন্য জাতীয়করণ কেন নয়?

একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি ১% প্রতিবন্ধী শিক্ষার্থী থাকে, তার জন্য আমরা বিশেষ সিঁড়ি বানাই, র‍্যাম্প বানাই, আলাদা টয়লেট বানাই। এটা মানবিকতা, এটা ইনক্লুসিভ শিক্ষা। কেউ প্রশ্ন করে না – “মাত্র ১% এর জন্য এত খরচ কেন?”
 
তাহলে প্রশ্ন হলো – দেশের ৯৭% শিক্ষার্থী যারা বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় পড়ে, তাদের সুবিধার জন্য জাতীয়করণ কেন নয়?
এই ৯৭% শিক্ষার্থী, তাদের শিক্ষক, তাদের অভিভাবক – এরা কি ১% এর চেয়ে কম গুরুত্বপূর্ণ?
 
(১) এটা জুলাই চেতনার পরিপন্থী নয়, এটাই জুলাই চেতনা: জুলাই বিপ্লব হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কোটা বৈষম্য, চাকরিতে বৈষম্য, সুযোগে বৈষম্য। আজ শিক্ষায় সবচেয়ে বড় বৈষম্য কী? একজন সরকারি স্কুলের শিক্ষক বেতন পান ৩০ হাজার, আর পাশের বেসরকারি স্কুলের একই যোগ্যতার শিক্ষক পান ১২ হাজার। একজন সরকারি স্কুলের ছাত্র মাসে বেতন দেয় ২০ টাকা, আর বেসরকারি স্কুলের ছাত্র দেয় ৫০০ টাকা। এটা কি বৈষম্য নয়?
 
জুলাই চেতনা মানে – সবার জন্য সমান সুযোগ। জাতীয়করণ ছাড়া এই বৈষম্য দূর হবে কী করে? জাতীয়করণের বিরোধিতা করাই জুলাই চেতনার পরিপন্থী।
 
(২) সুফল পাবে ১৮ কোটি জনগণ:
জাতীয়করণ মানে শুধু শিক্ষকের বেতন বাড়া নয়। এর সুফল পাবে পুরো দেশ। অভিভাবকের মাসে হাজার হাজার টাকা বেতন, কোচিং ফি, পরীক্ষা ফি বাঁচবে। গরিব বাবা তার ছেলেকে আর টাকার অভাবে স্কুল থেকে ছাড়িয়ে নেবে না। গ্রামের মেধাবী ছেলেটাও সরকারি স্কুলের মতো সুবিধা পাবে। যখন শিক্ষা সস্তা হবে, তখন ১৮ কোটি মানুষের ঘরে শিক্ষার আলো যাবে। একটা জাতি এগিয়ে যাবে।
 
(৩) ভালো শিক্ষক আসবে: আজ মেধাবীরা শিক্ষকতায় আসতে চায় না কেন? কারণ বেসরকারি শিক্ষকের কোনো সম্মান নেই, নিরাপত্তা নেই, বেতন নেই। বিসিএস ক্যাডার হতে না পারলে কেউ শিক্ষক হতে চায় না।
জাতীয়করণ হলে শিক্ষকতা হবে সম্মানের পেশা। ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্ররা স্কুলে পড়াতে আসবে। তখন আর বলতে হবে না – “ভালো শিক্ষক নেই।” শিক্ষক ভালো হলে, ছাত্র ভালো হবে, দেশ ভালো হবে।
 
(৪) কমিটির দৌরাত্ম বন্ধ হবে: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ক্যান্সার – ম্যানেজিং কমিটি। কমিটির সভাপতি, সদস্যরা শিক্ষক নিয়োগে টাকা খায়, প্রধান শিক্ষককে জিম্মি করে রাখে, স্কুলের টাকা লুট করে। শিক্ষক ক্লাসে মনোযোগ না দিয়ে কমিটিকে খুশি করতে ব্যস্ত থাকেন। রাজনৈতিক নেতারা স্কুলকে নিজের সম্পত্তি মনে করেন। জাতীয়করণ হলে এই কমিটির দৌরাত্ম চিরতরে বন্ধ হবে। স্কুল চলবে সরকারের নিয়মে, শিক্ষকের নিয়মে, শিক্ষার নিয়মে – কোনো নেতার ইশারায় নয়।
 
(৫) সরকারী রাজস্ব বাড়বে : অনেকে মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলে সরকারের খরচ বাড়বে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবতা হলো উল্টো। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলে সরকারের খরচ কমবে না, বরং সরকারের রাজস্ব বাড়বে।
 
(৬)বেতন-ভাতার নামে লুটপাট বন্ধ হবে: এখন এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটা অংশ সরকার দেয়, আরেকটা অংশ প্রতিষ্ঠান থেকে দেওয়ার কথা। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানগুলো ছাত্রদের কাছ থেকে মাসে মাসে মোটা অঙ্কের বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফি, সেশন ফি, উন্নয়ন ফি – নানা নামে টাকা আদায় করে। এই টাকার কোনো হিসাব সরকারের কাছে যায় না। এই টাকা চলে যায় ম্যানেজিং কমিটি আর কিছু অসাধু প্রধানের পকেটে।
 
জাতীয়করণ হলে এই সব ফি সরকারি কোষাগারে জমা হবে। ছাত্ররা সরকার নির্ধারিত সামান্য ফি দেবে, আর সেই টাকা সরাসরি যাবে রাজস্ব খাতে। বছরে হাজার হাজার প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা রাজস্ব আসবে।
 
(৭) সম্পত্তি সরকারের হবে: এখন প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসার কোটি কোটি টাকার জমি, বিল্ডিং, মার্কেট, পুকুর আছে। এগুলো নামে প্রতিষ্ঠানের, কিন্তু ভোগ করে ব্যক্তি। অনেক প্রতিষ্ঠানের মার্কেট ভাড়া, দোকান ভাড়া – লাখ লাখ টাকা, যার হিসাব নেই।
 
জাতীয়করণ হলে এই সমস্ত সম্পত্তি সরকারের আওতায় আসবে। মার্কেট ভাড়া, দোকান ভাড়া সরকার পাবে। এটা হবে সরকারের স্থায়ী রাজস্বের উৎস।
 
(৮) শিক্ষকদের আলাদা ইনকামের টাকা রাজস্বে আসবে: এখন একজন শিক্ষক স্কুলে বেতন পান, আবার বাইরে কোচিং, প্রাইভেট পড়িয়ে লাখ টাকা ইনকাম করেন। এর কোনো ট্যাক্স সরকার পায় না।
 
জাতীয়করণ হলে শিক্ষকরা সরকারি কর্মচারী হবেন। তাদের আয়-ব্যয় সরকারের নজরদারিতে আসবে। কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ হবে। সরকারি নিয়মে ট্যাক্স আদায় বাড়বে।
 
(৯) দুর্নীতির টাকা বাঁচলেই রাজস্ব বৃদ্ধি: এখন সরকার এমপিও বাবদ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেয়। কিন্তু তার একটা বড় অংশ ভুয়া শিক্ষক, ভুয়া ছাত্র, ভুয়া প্রতিষ্ঠানের নামে চলে যায়। অডিটে ধরা পড়ে – এমন প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্র নেই, কিন্তু শিক্ষক বেতন তুলছেন।
 
জাতীয়করণ হলে এই ভুয়া খাত বন্ধ হবে। সরকারের যে টাকা চুরি হতো, সেই টাকাই বেঁচে যাবে। বেঁচে যাওয়া টাকাই তো রাজস্ব বাড়ার সমান।
 
(১০) বিদেশমুখী টাকা দেশে থাকবে: ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় প্রতি বছর হাজার হাজার ছাত্র বিদেশে চলে যাচ্ছে। কোটি কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে।
 
জাতীয়করণ হলে সব প্রতিষ্ঠানের মান এক হবে। গ্রামের স্কুলও শহরের স্কুলের মতো ভালো হবে। তখন ছাত্ররা দেশেই থাকবে। দেশের টাকা দেশেই থাকবে। এটা দেশের অর্থনীতির জন্য বিরাট লাভ।
 
জাতীয়করণ মানে সরকারের ঘাড়ে বোঝা চাপানো নয়। জাতীয়করণ মানে – ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার কোটি টাকার সম্পদ, ফি, ভাড়া, অনুদান – সবকিছুকে এক জায়গায় এনে সরকারি কোষাগারে আনা।
 
যে টাকা এখন কমিটির পকেটে যায়, সেই টাকা যাবে রাষ্ট্রের পকেটে। যে টাকা এখন দালাল খায়, সেই টাকা দিয়ে হবে দেশের উন্নয়ন।
 
তাই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলে সরকারের খরচ বাড়বে না, সরকারের রাজস্ব বাড়বে – এটাই সত্য।
 
 
১% প্রতিবন্ধী শিশুর জন্য যদি আমরা মানবিক হতে পারি, তাহলে ৯৭% সাধারণ শিশুর জন্য কেন মানবিক হতে পারবো না জাতীয়করণ কোনো দয়া নয়, এটা অধিকার। এটা জুলাইয়ের অঙ্গীকার। যে দেশ তার শিক্ষককে সম্মান দেয় না, সে দেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
 
প্রধানমন্ত্রী!  খন্ড খন্ডভাবে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা  হচ্ছে। এতে পাহাড় সমান বৈষম্য সৃষ্টি হচ্ছে। যা জুলাই চেতনার পরিপন্থি। তাই অনতিবিলম্বে  টিউশন ফিস সরকারি কোষাগারে জমা নিয়ে একযোগে  ‘শিক্ষাব্যবস্থা  জাতীয়করন’  করে আপামর জনগণের চাহিদা পুরণ করবেন এ প্রত্যাশা  রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *