আজকাল গ্রামে-শহরে একটা দৃশ্য খুব কমন। পাশের বাড়ি ২ তলা করছে, আর আমার ঘরে ঘুম হারাম। মনে জিদ চাপে – আমাকে ৩ তলা কর-তেই হবে। না হলে মান থাকে না।
প্রশ্ন হলো, বাড়িটা কি আমার প্রয়োজনে, নাকি আমার নফসের প্রতিযোগিতার জন্য? এই ছোট্ট জিদ থেকেই শুরু হয় লোভ। তারপর হারাম আয়, সুদ, ঘুষ, দুর্নীতি। কারণ হালাল আয়ে ৩ তলা হয় না। তখন মানুষ নফসের গোলাম হয়ে জাহান্নামের পথে হাঁটে।
মনোবিজ্ঞান একে বলে Social Comparison, আর ইসলাম একে বলে ‘হাসাদ’ ও ‘তাকাসুর’।
এই রোগের ৩টি স্তর:
১. চোখ দিয়ে শুরু:প্রথমে দেখলাম, মনে হলো ‘সে বড় হয়ে গেল’।
২. নফসে লালন: নফস বলে – “তোকেও বড় হতে হবে, লোকে কী বলবে?”
৩. হারামে পতন: তখন হালাল-হারামের বাছ-বিচার শেষ। ঋণ, সুদ, মানুষের হক মেরে হলেও বাড়ি চাই।
রাসুল (সা.) এই প্রতিযোগিতাকে ১৪০০ বছর আগেই চিনেছেন।
কুরআনে এসেছে
উচ্চারণ: _আলহা-কুমুত তাকা-সুর, হাত্তা- যুরতুমুল মাক্বা-বির।_
অর্থ: “প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও।” সূরা আত-তাকাসুর, আয়াত: ১-২
ব্যাখ্যা:_ তাফসীরে ইবনে কাসীরে এসেছে – একে অপরের চেয়ে বেশি বাড়ি, গাড়ি, সন্তান নিয়ে গর্ব করাই তাকাসুর। এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেয়। প্রতিবেশীর ২ তলা দেখে আমার ৩ তলার জিদ – এটাই তাকাসুর। এর শেষ কবর, তৃপ্তি নয়।
রাসুলুল্লাহ (সা.) আমাদের চিকিৎসা দিয়েছেন:
উচ্চারণ: _উনযুরু ইলা- মান আসফালা মিনকুম, ওয়ালা- তানযুরু ইলা- মান হুয়া ফাওক্বাকুম, ফাহুয়া আজদারু আল্লা- তাযদারু নি’মাতাল্লাহি আলাইকুম।
অর্থ: “তোমরা তোমাদের নিচের দিকে (কম সম্পদশালী) তাকাও, উপরের দিকে (বেশি সম্পদশালী) তাকিও না। তাহলে তোমরা আল্লাহর নেয়ামতকে তুচ্ছ মনে করবে না।”
সহীহ মুসলিম, হাদীস নং: ২৯৬৩, সহীহ বুখারী: ৬৪৯০
_ব্যাখ্যা:_ প্রতিবেশীর দোতলা দেখলে হতাশা বাড়ে। কিন্তু যদি ওই প্রতিবেশীর দিকে তাকান যার মাথার উপর টিনের চালও নেই, তখন শুকরিয়া আসে। ইসলাম আমাদেরকে উপরে নয়, নিচে তাকাতে শিখিয়েছে, যাতে লোভ না জন্মায়।
প্রিয় ভাই, এই জিদ থেকে বাঁচতে ৩টি আমল:
১. নিয়ত শুদ্ধ করুন: বাড়ি কি দেখানোর জন্য, নাকি পরিবারকে পর্দায় রাখার জন্য? নিয়ত হালাল হলে ১ তলাও ইবাদত।
২. নফসকে প্রশ্ন করুন: এই টাকা কি হালাল পথে আসছে? যদি ঘুষ, সুদ, মানুষের হক মেরে ৩ তলা করি, সেই বাড়ি কি জান্নাতে নেবে না জাহান্নামে?
৩. শুকরিয়ার চর্চা: রোজ একবার সেই ঘরের দিকে তাকান যেখানে মানুষ ভাড়া থাকতে পারছে না। বলুন – আলহামদুলিল্লাহ।
মনে রাখবেন, কবরের মাপ সবার জন্য সমান – সাড়ে তিন হাত। দুনিয়ার ৩ তলা বাড়ি কবরে এক ইঞ্চি জায়গাও বাড়াবে না।
নিজেকে প্রশ্ন করুন ” তুমি বাড়ির মালিক হতে চাও, নাকি নফসের গোলাম?

লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

