সালটা ছিল ২০০০। মাস মনে নেই। আমার জানামতে গ্রামে আর কারো মোবাইল ছিল না। বড় ভাই ঢাকার ব্যবসায়িক প্রয়োজনে ৩টি মোবাইল ক্রয় করে। তখন মিনিট প্রতি খরচ হতো ( ৬টাকা+ ৯০ পয়সা)=৬.৯০টাকা, মানে ৭টাকা। আমার দরকারে বাইরে গিয়ে GP মাধ্যমে দোকান থেকে ৫ টাকা মিনিটে কথা বলতাম ( সর্বপ্রথম ১০টাকা ছিল)। আমার হিসাব ছিল আমার খরচ মানে ভাইয়ের খরচ, ভাইয়ের খরচ মানে পরিবারের খরচ।
বেসরকারি শিক্ষা জাতীয়করণ হলে অভিভাবকদের ব্যয় কমবে, আর অভিভাবকের ব্যয় মানেই ঘুরেফিরে রাষ্ট্রের ব্যয়।
আমাদের অর্থনীতি আজ ভঙ্গুর। রিজার্ভ কমছে, ডলারের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, বেকারত্ব বাড়ছে। এই ভঙ্গুর অর্থনীতি বাঁচাতে আমরা বিদেশ থেকে ঋণ আনছি, IMF এর কাছে যাচ্ছি, নতুন Tax বসাচ্ছি। কিন্তু আসল রোগের চিকিৎসা করছি না। আসল রোগ হলো – শিক্ষা ব্যবস্থায় লুটপাট। আর এর একমাত্র ওষুধ হলো – বেসরকারি শিক্ষা জাতীয়করণ।
(১) শিক্ষায় কালো টাকার পাহাড়: বাংলাদেশে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা আছে। আর লক্ষ লক্ষ কিন্ডারগার্টেন, প্রাইভেট স্কুল, কোচিং সেন্টার আছে। এসব প্রতিষ্ঠানে প্রতি বছর কত টাকা লেনদেন হয় জানেন? হিসাব করলে মাথা ঘুরে যাবে।
ভর্তি ফি ২০ হাজার, মাসিক বেতন ২ হাজার, পরীক্ষা ফি ৩ হাজার, সেশন চার্জ ৫ হাজার, কোচিং ফি ৩ হাজার। একজন ছাত্রের পেছনে অভিভাবকের বছরে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা চলে যায়। এই টাকার ৯০ ভাগই সরকারের রাজস্বে আসে না। এই টাকা যায় SMC/GB এর পকেটে, প্রধানের পকেটে, কোচিং মালিকের পকেটে। এটা হলো দেশের সবচেয়ে বড় কালো অর্থনীতি।
জাতীয়করণ হলে এই কালো টাকা সাদা হবে। সব টাকা সরকারি কোষাগারে আসবে। এতেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
(২) মধ্যবিত্তের পকেট খালি হচ্ছে: ভঙ্গুর অর্থনীতির সবচেয়ে বড় শিকার হলো মধ্যবিত্ত। চাল-ডালের দাম বেড়েছে, তার উপর ছেলে-মেয়ের স্কুলের খরচ। একজন বাবার বেতন ৩০ হাজার টাকা। তার ২ ছেলের স্কুলের খরচই ১০ হাজার টাকা। বাকি ২০ হাজার দিয়ে সংসার চলে না। তখন সে ঋণ করে, কিস্তিতে জিনিস কেনে, সঞ্চয় ভাঙে। সঞ্চয় ভাঙা মানেই অর্থনীতি ভাঙা।
জাতীয়করণ হলে শিক্ষা খরচ প্রায় শূন্য হয়ে যাবে। সরকার নির্ধারিত ২০-৫০ টাকা বেতন হবে। মধ্যবিত্তের মাসে ১০ হাজার টাকা বাঁচবে। এই টাকা সে বাজারে খরচ করবে, সঞ্চয় করবে। বাজারে টাকার প্রবাহ বাড়লেই অর্থনীতি চাঙ্গা হবে।
(৩) বেকারত্ব কমবে, দক্ষ জনশক্তি বাড়বে: এখন বেসরকারি শিক্ষা মানেই সার্টিফিকেটের ব্যবসা। সার্টিফিকেট আছে, দক্ষতা নেই। প্রতি বছর লাখ লাখ বেকার গ্রাজুয়েট বের হচ্ছে। তারা চাকরি পায় না, কারণ তারা কাজ জানে না।
বেকার মানে অর্থনীতির উপর বোঝা। বেকার মানে রাষ্ট্রের ক্ষতি।
জাতীয়করণ হলে সব প্রতিষ্ঠানে একই মানের শিক্ষা হবে, একই সিলেবাস, একই প্রশিক্ষণ। কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হবে। ছাত্ররা দক্ষ হয়ে বের হবে। দেশে চাকরি পাবে, বিদেশে গিয়ে রেমিট্যান্স পাঠাবে। রেমিট্যান্স বাড়লেই অর্থনীতি বাঁচবে।
(৪) দুর্নীতির টাকা বাঁচবে: এখন সরকার এমপিও বাবদ প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকা দেয়। এই টাকার একটা বড় অংশ ভুয়া শিক্ষক, ভুয়া ছাত্রের নামে চলে যায়।
আবার প্রতিষ্ঠানের উন্নয়নের নামে সরকার টাকা দেয়, সেই টাকা দিয়ে কমিটির লোকেরা আত্মসাৎ করে।
জাতীয়করণ হলে এই দুর্নীতি এক রাতে বন্ধ হয়ে যাবে। সরকারের ২০ হাজার কোটি টাকা সঠিক জায়গায় যাবে। এই টাকা বেঁচে যাওয়া মানেই অর্থনীতি পুনরুদ্ধার।
(৫) বিদেশমুখী টাকা বন্ধ হবে: ভালো স্কুল নেই বলে প্রতি বছর হাজার হাজার ছাত্র ভারত, মালয়েশিয়া, কানাডায় চলে যাচ্ছে। একজন ছাত্রের পেছনে বছরে ২০ লাখ টাকা বিদেশে চলে যাচ্ছে। এটা দেশের জন্য রক্তক্ষরণ।
জাতীয়করণ হলে গ্রামের স্কুলও শহরের স্কুলের মতো ভালো হবে। ছাত্ররা দেশে থাকবে। দেশের টাকা দেশে থাকবে।
(৬) কোচিং-প্রাইভেটের ৩০ হাজার কোটি টাকা বাঁচবে: এখন “ক্লাসে পড়া হয় না” বলে অভিভাবকদের কোচিং-প্রাইভেটে প্রতি বছর প্রায় ৩০ হাজার কোটি টাকা খরচ করতে হয়।
জাতীয়করণ হলে ক্লাসেই পড়া শেষ হবে। এই টাকাটা পুরো পরিবারের পকেটে থেকে যাবে। পরিবার বাঁচলেই দেশ বাঁচবে।
(৭) ভর্তি বাণিজ্যের টাকা বাঁচবে: ভালো স্কুলে ভর্তির জন্য এখন ৩০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ডোনেশন/ঘুষ দিতে হয়।
জাতীয়করণ হলে ভর্তি হবে লটারি আর মেধায়, সরকারি ফিতে। এই ঘুষের টাকাটা আর দিতে হবে না। বছরে হাজার কোটি টাকা অভিভাবকদের সাশ্রয় হবে।
(৮) বই-খাতা-ড্রেসের সিন্ডিকেট ভাঙবে: বেসরকারি স্কুলগুলো নিজের মনমতো বই, খাতা, ড্রেস, ব্যাজ কিনতে বাধ্য করে। ৫০০ টাকার বই ১৫০০ টাকায় কিনতে হয়।
জাতীয়করণ হলে সব সরকারি নিয়মে হবে। সরকারি বই ফ্রি, ড্রেস যেকোনো দোকান থেকে কেনা যাবে। প্রতি ছাত্রের বছরে ৫-১০ হাজার টাকা সাশ্রয় হবে।
(৯) শিক্ষকদের আলাদা ইনকামের উপর ট্যাক্স আসবে: এখন একজন বেসরকারি শিক্ষক স্কুলের বেতনের পাশাপাশি কোচিং থেকে লাখ টাকা আয় করেন, কিন্তু ট্যাক্স দেন না।
জাতীয়করণ হলে তিনি সরকারি কর্মচারী হবেন। তার সব আয় হিসাবের মধ্যে আসবে। সরকারের ট্যাক্স রাজস্ব বাড়বে, কালো টাকা কমবে।
(১০) বিদেশি ঋণের সুদ বাঁচবে: শিক্ষার জন্য সরকারকে প্রতি বছর বিদেশ থেকে ঋণ নিতে হয়। সেই ঋণের সুদ দিতে দিতে অর্থনীতি ভঙ্গুর হয়ে যাচ্ছে। জাতীয়করণ হলে শিক্ষা খাত থেকে যে রাজস্ব আসবে – প্রতিষ্ঠানের সম্পত্তির ভাড়া, ফি, অনুদান – তা দিয়েই শিক্ষা খাত চলবে। বিদেশি ঋণ নিতে হবে না, সুদও দিতে হবে না। এটাই সবচেয়ে বড় সাশ্রয়।
ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে শুধু নতুন ট্যাক্স দিলে হবে না। টাকা কোথায় লুট হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় লুটের জায়গা হলো বেসরকারি শিক্ষা। তাই আমরা বলি – আইএমএফ এর ঋণ নয়, বেসরকারি শিক্ষা জাতীয়করণ চাই।
জাতীয়করণ হলেই মধ্যবিত্ত বাঁচবে, বেকারত্ব কমবে, দুর্নীতি বন্ধ হবে। আর তখনই ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। তাই অনতিবিলম্বে টিউশন ফিস সরকারি কোষাগারে জমা নিয়ে একযোগে শিক্ষা জাতীয়করণ হোক এ প্রত্যাশা রইল।

লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

