counter

টঙ্গীবাড়ী ইসলামী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সঞ্চয় করি, আলোকিত ভবিষ্যৎ গড়ি” স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী ধীপুর ফাজিল মাদ্রাসায় টঙ্গীবাড়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে  এক ‘স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন’ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ইসলামী ব্যাংক টঙ্গীবাড়ী শাখার সঞ্চালনায় মাদ্রাসার মিলনায়তনে (অডিটোরিয়াম) টিফিন পিরিয়ডে শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতা ও স্টুডেন্ট ব্যাংকিং লেনদেন বিষয়ক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক টঙ্গীবাড়ী শাখার ম্যানেজার ও এভিপি মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওমর ফারুক এবং আল কুরআন বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম. ইউসুফ প্রমুখ। এসময় মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের মনোভাব গঠন এবং স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজনীয়তা ও সুফল নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি ব্যাংকের ডিজিটাল সেবাসমূহ—যেমন অনলাইন ফি প্রদান, ডিজিটালি বৃত্তি-উপবৃত্তির টাকা গ্রহণ, ব্যাংকে আমানত রাখা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে পিন নম্বর, পাসওয়ার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য কারো সাথে শেয়ার না করা এবং কার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার মতো স্পর্শকাতর বিষয়গুলো শিক্ষার্থীদের অবহিত করা হয়।
 
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম বেগবান করা এবং আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে দেশে এক কোটি স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে ইসলামী ব্যাংক এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *