শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে সেই মেরুদণ্ড কাদের হাতে থাকবে — এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
আজ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা তিন ভাগে বিভক্ত। (১) সরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি (২) এমপিওভুক্ত স্কুল-কলেজ [ নন এমপিও আছে] (৩) বেসরকারি কিন্ডারগার্টেন, কোচিং, প্রাইভেট প্রতিষ্ঠান।
এই বিভক্ত ব্যবস্থায় স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই। কারণ একই কাজের জন্য তিন রকম বেতন, তিন রকম সুযোগ, তিন রকম নিয়ম। ‘শিক্ষা জাতীয়করণ’ হলো এই বিভক্তি থেকে বের হওয়ার একমাত্র পথ।
(১) স্বচ্ছতা আসবে যেভাবে: বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকের বেতন আসে সরকার থেকে, কিন্তু নিয়োগ হয় কমিটির হাতে। কমিটি কাকে নিয়োগ দিলো, কেন দিলো, কত টাকা নিয়ে দিলো — এর কোনো স্বচ্ছতা নেই। অনেক জায়গায় নিয়োগ বাণিজ্য হয়। ম্যানেজিং কমিটির সভাপতির পছন্দের লোক চাকরি পায়, যোগ্য লোক বাদ পড়ে।
‘শিক্ষা জাতীয়করণ’ হলে নিয়োগ হবে এক পদ্ধতিতেই — ‘সরকারি নিয়োগ বিধিমালা’ অনুযায়ী, মেধার ভিত্তিতে। তখন কে চাকরি পেলো? কেন পেলো? — সবাই জানবে। লুকোচুরির সুযোগ থাকবে না একইভাবে প্রতিষ্ঠানের আয়-ব্যয়, ভর্তি ফি, পরীক্ষার ফি, উন্নয়ন ফি — সবকিছু সরকারি অডিটের আওতায় চলে আসবে। এখন যেমন ইচ্ছামতো ফি আদায় করা হয়, তখন সেটা থাকবে না।
স্বচ্ছতা মানে হলো — টাকা কোথা থেকে এলো, কোথায় গেলো, এটা সবাই দেখতে পাবে। জাতীয়করণ ছাড়া এটা সম্ভব নয়।
(২) জবাবদিহিতা আসবে যেভাবে: এখন একজন বেসরকারি শিক্ষক যদি ক্লাসে না আসেন, যদি ঠিকমতো না পড়ান, তাহলে তার জবাবদিহি কার কাছে? কমিটির কাছে। আর কমিটি যদি তার আত্মীয় হয়, তাহলে জবাবদিহি শেষ। সরকারি চাকরিতে জবাবদিহি আছে। একজন সরকারি শিক্ষককে প্রতিদিন হাজিরা দিতে হয়, পরিদর্শকের কাছে জবাব দিতে হয়, বার্ষিক গোপনীয় প্রতিবেদন দিতে হয়, বিভাগীয় শাস্তির ভয় থাকে।
জাতীয়করণ হলে সব শিক্ষক একই জবাবদিহিতার আওতায় আসবেন। প্রতিষ্ঠান প্রধান থেকে নাইট গার্ড — সবাইকে সরকারের কাছে জবাব দিতে হবে। ছাত্র ঝরে পড়লো কেন? ফলাফল খারাপ হলো কেন? ক্লাস ঠিকমতো হলো কিনা? — এই প্রশ্নগুলোর উত্তর তখন দিতে হবে।
জবাবদিহিতা মানে শুধু শাস্তি নয়। জবাবদিহিতা মানে — আমি কী করলাম, তার হিসাব দেওয়া।
(৩) বৈষম্য দূর হবে: আজ একজন সরকারি স্কুলের শিক্ষক পান ৩০-৪০ হাজার টাকা বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পেনশন। আর একজন এমপিওভুক্ত শিক্ষক একই কাজ করে পান অর্ধেকেরও কম। বাড়ি ভাড়া ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা। একই সিলেবাস, একই বই, একই পরীক্ষা, একই খাতা দেখা — কিন্তু বেতনে আকাশ-পাতাল পার্থক্য। এই বৈষম্য থাকলে শিক্ষক মনে শান্তি পাবেন কিভাবে? তিনি কিভাবে মন দিয়ে পড়াবেন? তিনি তো বাধ্য হয়ে প্রাইভেট-কোচিং করাবেন, টিউশনি করাবেন।
জাতীয়করণ হলে এই বৈষম্য থাকবে না। সবার বেতন এক স্কেলে হবে। সবার সুযোগ-সুবিধা সমান হবে। তখন শিক্ষক আর টাকার চিন্তায় ক্লাস ফাঁকি দেবেন না।
(৪) শিক্ষার মান বাড়বে: যখন শিক্ষক নিশ্চিন্ত থাকবেন, যখন তার চাকরি নিরাপদ থাকবে, যখন তিনি জানবেন ভালো পড়ালে তার পদোন্নতি হবে, তখন তিনি মন দিয়ে পড়াবেন।
জাতীয়করণ হলে সরকার সরাসরি স্কুলের অবকাঠামো, ল্যাব, লাইব্রেরি, কম্পিউটার — সবকিছুর দায়িত্ব নেবে। এখন যেমন কমিটির টাকার অভাবে স্কুলের ছাদ ভেঙে পড়ে, তখন সেটা হবে না। একটি উদাহরণ দেই। প্রধানমন্ত্রী এক জেলায় আসবেন শুনে ডিসি সাহেব যেমন ১০টা কমিটি করে পুরো জেলা সাজিয়ে ফেলেন, তেমনি সরকার যদি শিক্ষার দায়িত্ব সরাসরি নেয়, তাহলে পুরো শিক্ষাব্যবস্থা সাজানো হয়ে যাবে।
(৫) দুর্নীতি কমবে: বর্তমান ব্যবস্থায় দুর্নীতির সবচেয়ে বড় জায়গা হলো নিয়োগ, বদলি, এমপিওভুক্তি, উপবৃত্তির টাকা আত্মসাৎ ও ভর্তি বাণিজ্য।
(ক) একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন স্বশিক্ষিত। প্রতিষ্ঠানে সর্বদা লুঙ্গি পরে আসতেন। তিনি কয়েক ধাপে প্রতিষ্ঠানে ৩০ জনের মত শিক্ষক কর্মচারী নিয়োগ দেন নিজ হাতে। কোন বিষয়ে ১ জনের বিপরীতে ৬ জনের নিয়োগ পরীক্ষা নিয়ে ৬ষ্ঠ মেধাক্রমের প্রার্থীকে পরের দিন গোপনে ডেকে খাতা দেখিয়ে বলা হতো “এই দেখেন আপনার অবস্থা! তবে আমরা আপনাকেই নিব।” প্রার্থীর প্রশ্ন ” কত টাকা দিতে হবে?” কিছুই দিতে হবে না। প্রার্থী তো আশ্চর্য! তার জবাব “শর্ত হলো যত দিন এই প্রতিষ্ঠানে থাকবেন চোখ দুটি বন্ধ রাখবেন, কানে দুটি তালা দিবেন। ব্যাস! তাহলে………।
(খ) একটি প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীর মধ্যে ১০০ শিক্ষার্থী ফেল। সবাই চিন্তিত ও হতাশ। প্রতিষ্ঠান প্রধান মহাখুশি! কেন? এই ১০০ জনের কাছ থেকে ১ বছরে বেতন ও বিভিন্ন ফিস বাবদ আয় হবে ১০ লক্ষ টাকা, যা আর্থিক অনিয়মে হারিয়ে যাবে।
(গ) কিছু এলাকায় বিশেষ করে স্কুল ও মাদ্রাসায় ৪-৫ জন অফিস সহকারী থাকার পরও বেতন-ফিস আদায় করে ‘ক্লাস টিচার’। এখানে ইংরেজি-গণিত শিক্ষকের প্রতিবছর ২৪টি ঘন্টার অপচয় হয়। অফিস সহকারীরা পান-সিগারেট খাই আর একে অন্যের ‘গীবত’ করে।
(গ) NTRCA এর মাধ্যমে
ইংরেজি-গণিত শিক্ষক এলেও নিয়োগে নিরুৎসাহিত করা, শুধু ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে ক্লাস দিয়ে বলা হয় “আপনি নতুন, এই এলাকার ভাষা বুঝবেন না।” তিনি আর কখনো পুরাতন হন না। “সারা অঙ্গে ব্যাথা, ঔষধ দেব কোথা?”
জাতীয়করণ হলে এই দরজাগুলো বন্ধ হয়ে যাবে। কারণ তখন নিয়োগ হবে কেন্দ্রীয়ভাবে, বদলি হবে সরকারি নিয়মে, ভর্তি হবে লটারি বা মেধার ভিত্তিতে। কমিটির হাতে টাকা থাকবে না, আর্থিক অনিয়মের সুযোগও থাকবে না। আর শাস্তিমূলক বদলীর ভয়ে দূর্ণীতি কমবে।
(৬) অতিমাত্রায় শিক্ষার্থী বান্ধব: (ক) অনেক প্রতিষ্ঠান প্রধানের কক্ষ এসি করা, শিক্ষার্থীদের মাথার উপর ফ্যান আর শিক্ষকের জন্য কোন ব্যবস্থা নাই। (খ) প্রতিষ্ঠান প্রধান মাসিক সম্মাণী পান ২০ হাজার আর অন্যান্য শিক্ষকবৃন্দের জন্য নেই কোন আর্থিক ব্যবস্থা। (গ) বিশেষ কোচিং-এর নামে শিক্ষকবৃন্দের ব্যস্ত রেখে ঐ টাকা অনিয়ম করা। (ঘ) দুই ছুটির মাঝে ১দিন ‘সংরক্ষিত ছুটি’ দিতে বললে জানায় “মাউশি থেকে অনুমোদন নিয়ে আসেন।”(ঙ) বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতি ৬০০ টাকার প্যাকেট খাবার আর শিক্ষকবৃন্দের জন্য চা-বিস্কুট। (চ) শিক্ষার্থীদের জন্য যাতায়াতের গাড়ী, বই, খাতা, ড্রেস সব ফ্রি আর শিক্ষক অবৈতনিক / সামান্য সম্মাণী। (ছ) অনেক শিক্ষক দিয়ে “জুতা সেলাই থেকে চন্ডিপাঠ” করানো হয়।
শিক্ষার্থীদের যদি শিক্ষকবৃন্দের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেখানে শিক্ষার পরিবেশ কিভাবে আসবে??? শিক্ষকবৃন্দের আভ্যন্তরীণ বৈষম্য থাকলে mental satisfaction কিভাবে থাকে???
জাতীয়করণ হলে নির্ধারিত একটি আইনের অধীনে আসবে প্রতিষ্ঠান
ও আইনের যথাযথ প্রয়োগ হবে।
(৭) রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হবে: এখন শিক্ষা প্রতিষ্ঠান মানেই কমিটি। আর কমিটি মানেই স্থানীয় রাজনীতি। চেয়ারম্যান, মেম্বার, এমপির লোক — তারাই কমিটি চালায়। প্রতিষ্ঠান প্রধানকে তাদের কথা শুনতে হয়। শিক্ষক নিয়োগে তাদের মতামত লাগে। স্কুলের উন্নয়নের টাকা কোথায় যাবে, সেটাও তারাই ঠিক করে। ফলে স্কুল হয়ে যায় রাজনৈতিক অফিস। পড়ালেখা হয় গৌণ।
জাতীয়করণ হলে স্কুল সরাসরি সরকারের অধীনে চলে যাবে। কমিটির দাপট থাকবে না।
প্রতিষ্ঠান প্রধানকে আর কোনো নেতার পেছনে ঘুরতে হবে না। তিনি শুধু শিক্ষা অফিসারের কাছে জবাব দেবেন। রাজনীতি স্কুল থেকে বের হয়ে গেলেই শিক্ষা ফিরে আসবে।
(৮) সারা দেশে একই মানের শিক্ষা নিশ্চিত হবে: এখন ঢাকার একটা ভালো স্কুলে যা পড়ানো হয়, সিলেটের একটা গ্রামের স্কুলে তা পড়ানো হয় না। কারণ ঢাকার স্কুলের শিক্ষক ভালো বেতন পান, গ্রামের শিক্ষক পান না। ঢাকার স্কুলে ল্যাব আছে, গ্রামের স্কুলে নেই।
জাতীয়করণ হলে সরকারকে সব স্কুলকে সমানভাবে দেখতে হবে। গ্রামের স্কুলেও একই বেতনের শিক্ষক যাবেন, একই বই, একই ল্যাব, একই সুযোগ। তখন আর ‘ভালো স্কুল’ আর ‘খারাপ স্কুল’ থাকবে না। সব স্কুলই সরকারি স্কুল। সব ছাত্রই সমান সুযোগ পাবে। এটাই তো স্বচ্ছতা — সবার জন্য এক নিয়ম।
(৯) তথ্য গোপন করার সুযোগ থাকবে না: এখন অনেক স্কুলে ছাত্র সংখ্যা বেশি দেখিয়ে এমপিও নেওয়া হয়। পরীক্ষার্থী কম দেখিয়ে পাশের হার বাড়ানো হয়। হিসাবের খাতায় এক রকম; বাস্তবে আরেক রকম।
জাতীয়করণ হলে সব তথ্য সরকারি ডাটাবেজে চলে যাবে। কতজন ছাত্র, কতজন শিক্ষক, কত টাকা বরাদ্দ, কত টাকা খরচ — সব অনলাইনে থাকবে। তখন কেউ চাইলেও তথ্য লুকাতে পারবে না। অভিভাবক চাইলেই দেখতে পারবেন — আমার সন্তানের স্কুলে সরকার কত টাকা দিলো, সেই টাকা কোথায় খরচ হলো। এটাই আসল জবাবদিহিতা।
(১০) শিক্ষকদের পেশাগত মর্যাদা বাড়বে: আজ সমাজে শিক্ষককে সবাই সম্মান করে মুখে, কিন্তু বাস্তবে শিক্ষককে হতে হয় কমিটির কর্মচারী। বেতনের জন্য তাকে কমিটির সভাপতির কাছে ধরনা দিতে হয়।
জাতীয়করণ হলে শিক্ষক হবেন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা। তার পরিচয় হবে — “আমি সরকারি শিক্ষক।” তখন সমাজ তাকে সম্মান দেবে। ছাত্র তাকে সম্মান করবে। যে শিক্ষক নিজে সম্মানিত নন, তিনি ছাত্রকে সম্মান শেখাবেন কিভাবে?
(১১) রাষ্ট্রের প্রতি আস্থা বাড়বে: যখন অভিভাবক দেখবেন — আমার সন্তানের স্কুলে কোনো ঘুষ লাগে না, ভর্তিতে কোনো তদবির লাগে না, শিক্ষক নিয়োগে কোনো বাণিজ্য হয় না, পরীক্ষায় কোনো দুর্নীতি হয় না — তখন তিনি রাষ্ট্রের উপর আস্থা পাবেন। আর এই আস্থাই হলো স্বচ্ছতা ও জবাবদিহিতার সবচেয়ে বড় ফল।
জাতীয়করণ মানে শুধু বেতন বাড়ানো নয়। জাতীয়করণ মানে কমিটির অন্ধকার থেকে শিক্ষাকে সরকারের আলোতে নিয়ে আসা। যেখানে সবকিছু খোলা থাকবে, সবার হিসাব থাকবে, সবার জবাব থাকবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকতে পারে না। আর শিক্ষার মতো পবিত্র জায়গায় যদি স্বচ্ছতা না থাকে, তাহলে জাতি অন্ধকারে ডুবে যাবে।
শিক্ষা জাতীয়করণ কোনো দয়া নয়, এটা অধিকার। এটা শিক্ষকের অধিকার, ছাত্রের অধিকার, অভিভাবকের অধিকার, রাষ্ট্রের অধিকার। যে রাষ্ট্র তার শিক্ষককে সম্মান দিতে পারে না, সে রাষ্ট্র তার ভবিষ্যৎ প্রজন্মকে আলো দিতে পারে না।

তাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়তে হলে শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই।
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

