সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও হয়নি: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার মতো পরিবেশ এখনও হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। রোববার (২৩ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, করোনার কারণে এ বছর পিইসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হলেও এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই দ্রুত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। এছাড়া স্কুল খুললে, স্ব স্ব স্কুলে কিভাবে পরীক্ষা নেয়া হবে, কিভাবে ক্লাস হবে সে ব্যাপারে নীতিমালা প্রস্তুত করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মাস্ক পরা, হাত পরিষ্কার, থার্মোমিটার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। সবাইকে সেসব মেনে চলতে হবে। শিক্ষার্থীদের সুরক্ষায় স্বাস্থ্য নিরাপত্তামূলক এমন ৫০টির বেশি নির্দেশনা তৈরি করা হয়েছে। এ সবগুলো বিষয়ে প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সেখান থেকেই সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে করোনার কারণে বন্ধ রয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে বন্ধ রয়েছে সব কোচিং সেন্টারও। করোনা পরিস্থিতির মধ্যেই সংসদ বাংলাদেশ টেলিভিশন ও অনলাইনে প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির ক্লাস চালু রেখেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *