অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা বিডিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার দাবীতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা (২০১৫-২০১৬) এর সময়সূচির পরিবর্তন দাবী করেন।

আজ রোববার দুপুরে সরকারি ব্রজমোহন বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে কলেজ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। শিক্ষার্থীরা জানান, অনার্স চতুর্থ বর্ষের (২০১৫-২০১৬) পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭ই মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে।

এ বিষয়ে বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার জানান, শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানকার আঞ্চলিক পরিচালক ও ঢাকাতেও জানানো হয়েছে। আশা করছি সুষ্ঠু সমাধান হবে। (শিক্ষা বিডি)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *